ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির উপবৃত্তির তথ্য এন্ট্রি শুরু ২৬ নভেম্বর

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির উপবৃত্তির তথ্য এন্ট্রি শুরু ২৬ নভেম্বর

দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের উপবৃত্তি দিতে জরুরি নির্দেশনা জারি করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। এ কর্মসূচির আওতায় ছাত্রীদের শতভাগ উপবৃত্তি দেওয়া হবে। অন্যদিকে, ছাত্রদের দারিদ্র্য ও মেধার ভিত্তিতে উপবৃত্তি এবং অন্যান্য আর্থিক সহায়তা দেওয়া হবে। এ জন্য আগামী ২৬ নভেম্বর থেকে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি শুরু হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত আবেদন ফরমের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে। পরে শিক্ষাপ্রতিষ্ঠানের বাছাই কমিটির মাধ্যমে তথ্য যাচাই করে HSP-MIS সফটওয়্যারে এন্ট্রি দিতে হবে। আগামী ২৬ নভেম্বর সকাল ৯টা থেকে এ কার্যক্রম শুরু হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে HSP-MIS সফটওয়্যারে এন্ট্রি করা তথ্য সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ইউএসইও) অথবা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার (টিএসইও) কাছে অনলাইনে পাঠাতে হবে। এ জন্য আগামী ১২ ডিসেম্বর রাত ১০টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া উপজেলা বা মেট্রোপলিটন এলাকার উপদেষ্টা কমিটির সভায় সুপারিশ করা শিক্ষার্থীদের তালিকা ইউএসইও বা টিএসইওর মাধ্যমে অনলাইনে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে পাঠাতে হবে। এ তালিকা পাঠানোর শেষ সময় ১৩ ডিসেম্বর রাত ১০টা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের পর কোনো শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা যাবে না। একইভাবে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ইউএসইও বা টিএসইও কিংবা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কোনো তথ্য পাঠানোর সুযোগ থাকবে না।

উপবৃত্তির জন্য সর্বশেষ সংশোধিত আবেদন ফরম ও তথ্য এন্ট্রির বিস্তারিত নির্দেশনা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে পাওয়া যাবে। এ ছাড়া এ-সংক্রান্ত চিঠি ও আবেদন ফরম দেশের সব উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে।

উপবৃত্তি-সংক্রান্ত প্রয়োজনে ০১৩১৬৬৫৮২৩০ ও ০১৩১৬৬৫৮৫২৯ নম্বরে যোগাযোগ করা যাবে। হেল্পলাইন দুটি অফিস চলাকালে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চালু থাকবে।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

সূত্র: Daily Bangladesh · শিক্ষা