টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ফ্রিজ সরানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খলিলুর রহমান (৪২) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বহেড়াতৈল গ্রামে নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত খলিলুর রহমান বহেড়াতৈল গ্রামের বাসিন্দা এবং বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি আলম মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে খলিলুর রহমান ঘরের এক স্থান থেকে অন্য স্থানে ব্যবহৃত ফ্রিজ সরাচ্ছিলেন। এ সময় তাঁর স্ত্রী রান্নার কাজে ব্যস্ত ছিলেন। ফ্রিজ সরানোর একপর্যায়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় দ্রুত তাঁকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোস্তফা কামাল জানান, হাসপাতালে আনার আগেই খলিলুর রহমানের মৃত্যু হয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, “ঘটনার পর পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে। পরিবারের সদস্য ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খলিলুর রহমানের অকাল মৃত্যুতে সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন।
কুশল/সাএ