নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত সাংবাদিক লুৎফুর জামান ফকির ওরফে আলিফ ফকিরের পরিবারের পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
শনিবার সন্ধ্যায় পরিবারটির খোঁজখবর নিতে ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে নিহতের বাড়ি বিরিশিরি ইউনিয়নের তেলঞ্জি গ্রামে যান উপজেলা বিএনপির নেতাকর্মীরা। ডেপুটি স্পিকারের পক্ষ থেকে নিহতের স্ত্রী আনন্দিতী সাংমার হাতে এক লাখ টাকার আর্থিক অনুদান ও পোশাক তুলে দেন তারা।
এদিকে আর্থিক অনুদান তুলে দেওয়ার পর নিহত সাংবাদিকের স্ত্রীর কর্মসংস্থানের জন্য ডেপুটি স্পিকারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া। তিনি বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা। আমাদের দল সবসময় হত্যাকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনার সঠিক বিচার হোক আমরা এমনটাই আশা করি। আসামিরা দ্রুত আইনের আওতায় আসুক, এটাই আমাদের চাওয়া।
তিনি আরও বলেন, আমাদের দুর্গাপুর-কলমাকান্দা আসনের নির্বাচিত সংসদ সদস্য ও মহান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মহোদয় সার্বক্ষণিক পরিবারটির খোঁজখবর রাখছেন। নিহতের স্ত্রী ও সন্তানদের ব্যাপারে তিনি অবগত রয়েছেন। তাঁদের কর্মসংস্থানের ব্যাপারেও তিনি উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন। আশা করি খুব তাড়াতাড়ি তিনি একটি ব্যবস্থা করে দেবেন। এর পাশাপাশি আজ আমরা সাময়িকভাবে ১ লাখ টাকার আর্থিক অনুদান ও কিছু পোশাক তাঁদের হাতে তুলে দিয়েছি। নিহত সাংবাদিকের স্ত্রীর কর্মসংস্থানের যে নিশ্চয়তা ডেপুটি স্পিকার মহোদয় দিয়েছেন। সেটিই আজ পরিবারটির কাছে পৌঁছে দিতে আমরা তাঁর বাড়িতে এসেছি।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.





