সিরাজগঞ্জের রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় লুট হওয়া ৪০০ সিলিন্ডার গ্যাসের মধ্যে ৪৮টি উদ্ধার ও একটি মিনি ট্রাক জব্দ করা হয়। বুধবার (১৪ অক্টোবর) গভীর রাতে শাহাজাহানপুর ও বগুড়া সদর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করে বলেন, এই পর্যন্ত আমরা লুন্ঠিত গ্যাস সিলিন্ডারের মধ্যে ৪৮টি উদ্ধার সহ ৩ জনকে গ্রেফতার করেছি। তিনি আরও বলেন, সমস্ত মালামাল উদ্ধারের জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ সূত্রে প্রকাশ, এ ঘটনায় নারায়নগঞ্জ সদর উপজেলার ডিক্রির চর (গোপচর) এলাকার মৃত মোহাম্মদ পান্না উল্লাহর ছেলে মোহাম্মদ শফিউল্লাহ (৩০) বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন- বগুড়া জেলার শাহাজাহানপুর উপজেলার ট্রাকচালক মহিদুল ইসলাম (২৬), চালকের সহকারী সাকিব হোসেন (২০) ও বগুড়া সদর উপজেলার গোলাম মোস্তফা (৪৬)।
মামলা সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর রাত ৩টার দিকে উপজেলার চকনুর গ্রাম এলাকার তালুকদার ফিলিং স্টেশন থেকে একটি ট্রাক ৪০০টি বিভিন্ন কোম্পানির সিলিন্ডার গ্যাসের বোতল লোড করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
কিন্তু ট্রাকটি রৌহা ব্রিজ এলাকায় পৌঁছালে অজ্ঞাত ১৫ থেকে ১৬ জন ব্যক্তি পথরোধ করেন। এসময় তারা ট্রাকের চালক আসিফসহ গাড়িতে থাকা অন্যান্যদের ধারালো ছুরি দিয়ে হত্যার হুমকি দেয় এবং অজ্ঞাত দুজন চালকের পাশের সিটে বসে ট্রাকটি নিয়ন্ত্রণে নেয়।
ভোর রাত ৪টার দিকে ষোলমাইল ফায়ার সার্ভিস এলাকার কবরস্থান সংলগ্ন ফাঁকা রাস্তায় থামিয়ে দুটি মিনি ট্রাকে ৪০০ বোতল সিলিন্ডার গ্যাস, চালক ও সহকারীর কাছে থাকা তিনটি মোবাইল ফোন ও সঙ্গে থাকা নগদ ৮৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.