ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ এবং পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল।
আজ শুক্রবার (১৩ মার্চ) পবিত্র রমজান মাসের ২৩তম দিনে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন একটি অভিজাত রেস্টুরেন্টে এই মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের সংবাদকর্মী, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। তিনি তার বক্তব্যে বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। পবিত্র রমজানের এই সংযম ও ভ্রাতৃত্ববোধ আমাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে প্রতিফলিত হওয়া প্রয়োজন। একটি উন্নত সমাজ গঠনে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনী অপরিহার্য ভূমিকা পালন করে।”
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামস শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় ইফতার পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, সমাজে ন্যায়বিচার, সত্য এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সাংবাদিকদের আপসহীন ভূমিকা পালন করতে হবে। পেশাগত ঐক্য ও ভ্রাতৃত্ববোধ এই অঞ্চলের সাংবাদিকতার মানকে আরও সমৃদ্ধ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শেখ ওয়ালিদ ফয়েজ, উপ-পরিচালক, জেলা তথ্য অফিস, রতন শেখ, অফিসার ইনচার্জ (ওসি), সুনামগঞ্জ সদর থানা, শেরগুল আহমেদ, সভাপতি, সুনামগঞ্জ প্রেসক্লাব, বিজন সেন রায়, সম্পাদক, দৈনিক সুনামকণ্ঠ, শামস শামীম সভাপতি, লতিফুর রহমান রাজু, সাবেক সভাপতি, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি, জসীম উদ্দিন সাধারণ সম্পাদক, এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক মাহবুবুর রহমান পীর, রওনক আহমদসহ সংগঠনের সদস্যবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতারের প্রাক্কালে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপ। এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
মোনাজাত শেষে উপস্থিত অতিথি ও সংবাদকর্মীরা একসঙ্গে ইফতারে অংশ নেন। উপস্থিত সকলে মত প্রকাশ করেন যে, এই ধরনের আয়োজন সাংবাদিকদের পেশাগত বন্ধন ও পারস্পরিক ঐক্যকে আরও সুদৃঢ় করবে।
