বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধান মেজর জেনারেল ক্রিস স্মিথ।
রোববার (২৭ সেপ্টেম্বর) সেনাসদরে মেজর জেনারেল ক্রিস স্মিথের নেতৃত্বে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়, সাক্ষাৎকালে দুই পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। একই সঙ্গে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দুই দেশের সেনাবাহিনীর পারস্পরিক সহযোগিতা ও পেশাগত সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।