সৌদি আরবে পাঁচতলা ভবনের ছাদ থেকে নির্মাণসামগ্রী মাথার উপর পড়লে ফয়সাল মিয়া (৩৬) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত ফয়সাল মিয়া কটিয়াদী পৌরসভার নামা বোয়ালিয়া মহল্লার মো. চাঁন মিয়ার ছেলে। তিনি সৌদি আরবের মক্কা শহরে আল ইয়ামামা কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে ১০ বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়ে ছিলেন তিনি।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে কর্মস্থলে দায়িত্ব পালনকালে পাঁচতলা ভবনের ছাদ থেকে নির্মাণকাজে ব্যবহৃত একটি ব্লক ফয়সালের মাথার উপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে নিকটস্থ এক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তাঁর মৃত্যু হয়েছে।
ফয়সালের বড় ভাই মো. সজল মিয়া জানান, দুর্ঘটনার পর তার ভাইকে হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। ফয়সালের রুমমেট জাকির হোসেন মুঠোফোনে ফয়সালের মৃত্যুর খবর জানান।
ফয়সালের স্ত্রী কোহিনুর বেগম বলেন, আমার স্বামীই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমাদের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। এখন সন্তানদের নিয়ে কীভাবে চলব, তা বুঝতে পারছি না। স্বামীর মুখটি শেষবারের মতো দেখার জন্য মরদেহটি দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার দাবি জানাই।
কটিয়াদী পৌরসভার বোয়ালিয়া মহল্লার সাবেক কাউন্সিলর ও কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন জানান, ফয়সালের মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বাড়ির পরিবেশ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্ত্রী-সন্তান ও বৃদ্ধ বাবা-মা চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। এ অবস্থায় ফয়সালের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছিI
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.