সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ লক্ষ্য করে আসা একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে ইয়েমেনে সক্রিয় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। তবে ড্রোনটি কারা পাঠিয়েছে, তা জানায়নি জোটটি।
জোটের মুখপাত্রের বিবৃতিতে ড্রোন প্রতিহত করার বিষয়টি নিশ্চিত করা হলেও এর নির্দিষ্ট লক্ষ্যবস্তু, ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
এদিকে, ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সা'দা প্রদেশের সৌদি সীমান্তবর্তী আল-ধাহের এলাকায় গোলাবর্ষণের খবর জানিয়েছে হুথি-সংশ্লিষ্ট আল-মাসিরা টেলিভিশন।
সাম্প্রতিক সময়ে সৌদি আরব ও ইয়েমেনের হুথি গোষ্ঠীর মধ্যে সামরিক উত্তেজনা বেড়েছে। বৃহস্পতিবারও সৌদি নেতৃত্বাধীন জোট পশ্চিমাঞ্চলীয় মদিনা অঞ্চলের আকাশে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানায়। তবে হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি ওই দিন সৌদি ভূখণ্ডে কোনো হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেন।
এর আগের দিন রাজধানী রিয়াদ লক্ষ্য করে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার কথা জানায় জোট। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে একজন আহত হন এবং কিছু সম্পদের সামান্য ক্ষতি হয়।
সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় সাম্প্রতিক হামলার ধারাবাহিকতায় এসব ঘটনা ঘটছে। ২০১৫ সাল থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। হুথিরা ২০১৪ সাল থেকে ইয়েমেনের রাজধানী সানা ও দেশটির বেশ কয়েকটি প্রদেশ নিয়ন্ত্রণ করছে।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.