আন্তর্জাতিক বাজারে মঙ্গলবার স্বর্ণের দাম প্রায় স্থিতিশীল ছিল। এর পেছনে প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে—বিনিয়োগকারীরা মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের আসন্ন নীতিগত সিদ্ধান্তের দিকে গভীরভাবে নজর রাখছেন বলে জানিয়েছে রয়টার্স।
স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৫,০১১.৩৮ ডলারে অপরিবর্তিত থাকে। একই সময়ে, এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারসের দাম ০.৩ শতাংশ বেড়ে ৫,০১৬.৪০ ডলারে পৌঁছায়।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত বাড়তে থাকায় বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়লেও, মুদ্রাস্ফীতি ও সুদের হার নিয়ে উদ্বেগের কারণে দামে বড় ধরনের ওঠানামা দেখা যাচ্ছে না।
অন্যদিকে, ফেডারেল রিজার্ভের আসন্ন বৈঠককে সামনে রেখে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নিয়েছেন। ধারণা করা হচ্ছে, এবারের বৈঠকে সুদের হার অপরিবর্তিত থাকতে পারে, যা স্বর্ণবাজারে প্রভাব ফেলতে পারে।
বিশেষজ্ঞদের ধারণা, ভূরাজনৈতিক উত্তেজনা এবং জ্বালানির উচ্চমূল্য অব্যাহত থাকলে ভবিষ্যতে স্বর্ণের দাম আবারও বাড়তে পারে, কারণ বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন।
কুশল/সাএ
