সরাইল-নাসিরনগর-লাখাই-হবিগঞ্জ প্রস্তাবিত আঞ্চলিক মহাসড়ক নির্মাণের জন্য বৈষম্যমূলকভাবে ভূমি অধিগ্রহণের অভিযোগ তুলে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন হবিগঞ্জ সদর উপজেলার রিচি ও সুলতান মাহমুদপুর গ্রামের বাসিন্দারা।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
আব্দুল সাত্তারের সভাপতিত্বে এবং সিদ্দিকী হারুনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন আব্দুল আহাদ, নুর জামান, আলী আহমেদ, ইকবাল মাহমুদসহ স্থানীয়রা।
বক্তারা বলেন, প্রস্তাবিত মহাসড়কের জন্য প্রাথমিক জরিপে সড়কের এক পাশ থেকে ভূমি অধিগ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে এক পাশের ভূমিমালিকদের তুলনামূলক বেশি ক্ষতির মুখে পড়তে হবে। তাই সড়ক নির্মাণের জন্য শুধু এক পাশ থেকে নয়, উভয় পাশ থেকে ভূমি অধিগ্রহণ করা হলে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হবে।
তারা আরও বলেন, তারা কোনো উন্নয়ন প্রকল্পের বিরোধিতা করছেন না। সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি কমিয়ে প্রকল্প বাস্তবায়নের স্বার্থেই তাদের এ দাবি। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে তারা প্রত্যাশা করেন।
মানববন্ধনে স্থানীয় ভূমিমালিক, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধন শেষে দুই গ্রামের বাসিন্দাদের পক্ষ থেকে হবিগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। জেলা প্রশাসক কার্যালয়ে না থাকায় স্মারকলিপিটি গ্রহণ করেন সহকারী কমিশনার পৃথিন্দ্র চাকমা।