
হরমুজ প্রণালি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, জাপানের জাহাজগুলোকে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সুযোগ দেওয়ার জন্য ইরান প্রস্তুত।
জাপানি সংবাদমাধ্যম কিয়োদো নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানিয়েছেন।
আরাগচি জানান, বিষয়টি নিয়ে ইরানের সঙ্গে জাপানের মধ্যে আলোচনা চলছে। তিনি বলেন, “আমরা প্রণালিটি বন্ধ করিনি, এটি উন্মুক্ত রয়েছে। তবে আমরা শুধু সাময়িক যুদ্ধবিরতি চাই না; বরং যুদ্ধের একটি পূর্ণাঙ্গ, সমন্বিত ও স্থায়ী সমাধান চাই।”
তিনি আরও উল্লেখ করেন, যদিও হরমুজ প্রণালি খোলা রয়েছে, যেসব দেশ ইরানের ওপর সাম্প্রতিক হামলায় জড়িত, তাদের জাহাজের চলাচলে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। তবে বর্তমান নিরাপত্তা সংকট থাকা সত্ত্বেও অন্যান্য দেশের জন্য এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরান প্রস্তুত।
প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের অপরিশোধিত তেলের ৯০ শতাংশের বেশি মধ্যপ্রাচ্য থেকে আসে এবং এ অংশের বড় অংশই হরমুজ প্রণালির মাধ্যমে পরিবহন করা হয়। আরাগচি জোর দিয়ে বলেন, জাপানের মতো দেশগুলো যদি তেহরানের সঙ্গে সমন্বয় করে, তবে তাদের জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করা হবে।
