ইরানের তাসনিম নিউজ এজেন্সির হিব্রু ভাষার বিশ্লেষণী বিভাগ দাবি করেছে, সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলে নিহতের সংখ্যা ১,২৮০ জন ছাড়িয়েছে।
তাসনিমের এই বিশ্লেষণে ইসরায়েলের বিভিন্ন কবরস্থানের তথ্য পর্যালোচনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে হার হামেনুচট কবরস্থান, ইয়ারকন কবরস্থান, হোলন কবরস্থান, সেগুলা কবরস্থান, কিরিয়াত শাউল কবরস্থান, হার হাজেইতিম কবরস্থান, হাইফা কবরস্থান, নাহালাত ইৎজহাক কবরস্থান, রেহোভট কবরস্থান এবং আশদোদ কবরস্থান।
এছাড়া তেল আবিব, জেরুজালেম, হাইফা, পেতাহ তিকভা ও রিশন লেজিয়নের চেভরা কাদিশা (দাফন সংস্থা) এবং উদ্ধারকারী সংস্থা ZAKA (ডিজাস্টার ভিকটিম আইডেন্টিফিকেশন টিম)-এর কার্যক্রমের তথ্যও বিশ্লেষণে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তাসনিমের তথ্য অনুযায়ী, সাধারণ সময়ে ইসরায়েলে প্রতিদিন গড়ে প্রায় ১৫০ জনের মৃত্যু ঘটে। তবে গত ২১ দিনে প্রতিদিন অতিরিক্ত গড়ে ৬১ জনের মৃত্যু যোগ হয়েছে, ফলে দৈনিক গড় দাফনের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২১১ জনে। এই হিসাবে ২১ দিনে মোট নিহতের সংখ্যা অন্তত ১,২৮১ জন হতে পারে বলে তারা দাবি করেছে।
এছাড়া ZAKA দলের চলাচলের পরিসংখ্যানে ৭০৩টি ঘটনার উল্লেখ রয়েছে, যা শুধুমাত্র মৃতদেহ সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করে থাকে। এই তথ্যও হতাহতের সংখ্যা বেশি হওয়ার ইঙ্গিত দেয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।
উল্লেখ্য, এই হিসাবের মধ্যে সর্বশেষ আরাদ ও দিমোনা এলাকায় সংঘটিত হতাহতের ঘটনাগুলো এখনো অন্তর্ভুক্ত করা হয়নি।
