Dhakainfo24
ঢাকাশনিবার , ২৫ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

নতুন বাসভাড়া তালিকা প্রকাশ, কোন রুটে বাড়ল কত টাকা

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৫, ২০২৬ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আন্তজেলা ও দূরপাল্লার বাসযাত্রীদের জন্য নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেছে। পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম মহানগর রুটেও পুনর্নির্ধারিত বাসভাড়া কার্যকর করা হয়েছে।

জ্বালানি তেল ডিজেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গত ২৩ এপ্রিল সরকার বাসভাড়া সমন্বয় করে প্রজ্ঞাপন জারি করে। তবে ওই সময় বিস্তারিত ভাড়ার তালিকা প্রকাশ না হওয়ায় দূরপাল্লার রুটগুলোতে ভাড়া নিয়ে বিশৃঙ্খলা তৈরি হয়। এরপর শনিবার (২৫ এপ্রিল) বিআরটিএ তাদের ওয়েবসাইটে নতুন ভাড়ার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে।

নতুন তালিকায় ঢাকা (সায়েদাবাদ), গাবতলী ও মহাখালী টার্মিনাল থেকে দেশের বিভিন্ন জেলায় চলাচলকারী বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে।

সায়েদাবাদ রুটে ঢাকা-চট্টগ্রাম ৫১ আসনের বাসে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৫৫২ টাকা। ঢাকা-কক্সবাজার রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৯০০ টাকা ও ৪০ আসনের বাসে ১ হাজার ১৪৭ টাকা। ঢাকা-সিলেট রুটে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৮০ টাকা (৫১ আসন) এবং ৭৪০ টাকা (৪০ আসন)।

এছাড়া ঢাকা-বরিশাল, ঢাকা-খুলনা ও ঢাকা-টেকনাফ রুটেও নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে, যেখানে সবচেয়ে দীর্ঘ রুট ঢাকা-টেকনাফে ৫১ আসনের বাসে ভাড়া ১ হাজার ৪৭ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ৩৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

গাবতলী রুটে ঢাকা-পঞ্চগড়, রংপুর, দিনাজপুর, রাজশাহীসহ বিভিন্ন রুটে বাসভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ঢাকা-পঞ্চগড় রুটে ৫১ আসনের বাসে ভাড়া ১ হাজার ৫ টাকা এবং ঢাকা-রংপুর রুটে ৭৫১ টাকা নির্ধারণ করা হয়েছে।

মহাখালী রুটে ঢাকা-ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও কিশোরগঞ্জসহ বিভিন্ন রুটে নতুন ভাড়া কার্যকর হয়েছে। ঢাকা-ময়মনসিংহ রুটে ৫১ আসনের বাসে ভাড়া ২৯৪ টাকা এবং ঢাকা-শেরপুর রুটে ৪২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়। এতে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের দাম লিটারপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়।

পরবর্তীতে ২৩ এপ্রিল সরকার বাসভাড়া সমন্বয় করে নতুন হার নির্ধারণ করে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটার ভাড়া ২.৪২ টাকা থেকে বাড়িয়ে ২.৫৩ টাকা করা হয়। আন্তজেলা রুটে ভাড়া ২.১২ টাকা থেকে ২.২৩ টাকা এবং মিনিবাসে ২.৩২ টাকা থেকে ২.৪৩ টাকা নির্ধারণ করা হয়। তবে ন্যূনতম ভাড়া বাসে ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা আগের মতোই বহাল রাখা হয়েছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।