গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বজ্রাঘাতে তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ চৌধুরী (৩৩), ছোটন চৌধুরীর ছেলে রাফি চৌধুরী (১১) এবং নবীর হোসেনের ছেলে মিজানুর রহমান (২০)। আহত শামীম মিয়া (১৮) একই গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে তিনটার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় তারা বাড়ির পাশের একটি রাস্তায় অবস্থান করছিলেন। আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। একই সময় কাছাকাছি থাকা একটি গরুও মারা যায়। আহত শামীম মিয়াকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, একই গ্রামের তিনজনের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, “আকস্মিক বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছেন। আহত ব্যক্তি চিকিৎসাধীন।”
কুশল/সাএ
