নাটোরের লালপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আশরাফুল ইসলাম লিওন (১৯) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
সোমবার (৪ মে) দুপুর আড়াই টার দিকে উপজেলার লালপুর ফিলিং স্টেশনের সামনে একটি সেতুর উপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম লিওন বিলমাড়িয়া ইউনিয়নের নাগশোষা গ্রামের বাসিন্দা রেজাউল করিম রেজার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে আশরাফুল ইসলাম লিওন মোটরসাইকেল নিয়ে লালপুর ফিলিং স্টেশনে তেল নিতে যাচ্ছিলেন। তিনি স্টেশনের সামনে সেতুর উপর পৌঁছালে ঈশ্বরদীগামী একটি মালবোঝাই ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে লালপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন।
নিহতের মা রুনিফা বেগম জানান, তিনি লালপুর বাজারে কেনাকাটার জন্য আসছিলেন। এ সময় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিজের সন্তানের লাশ শনাক্ত করেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রাক জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কুশল/সাএ