টানা কয়েকদিন ধরে দেশজুড়ে দাপটে রয়েছে বৃষ্টি। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। এ অবস্থায় চলতি মাসে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এ মাসে তীব্র কালবৈশাখীসহ কয়েক দফায় বজ্র ও শিলাবৃষ্টি হানা দিতে পারে।
মে মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এমন আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দীর্ঘমেয়াদী পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মে মাসে দেশে বিক্ষিপ্তভাবে শিলাসহ ৫ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি ও ২ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। এ ছাড়া, চলতি মাসে দেশে এক থেকে তিনটি মৃদু (৩৬-৩৭.৯° সে.) অথবা মাঝারি (৩৮-৩৯.১° সে.) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। যার মধ্যে একটি তীব্র রূপ (৪০-৪১.৯° সে.) নিতে পারে।

একই সঙ্গে, চলতি মে মাসে দেশের প্রধান নদ-নদীগুলোয় স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নদীগুলোতে পানি সমতল সময়-বিশেষে বৃদ্ধি পেতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।