মঙ্গলবার , ৫ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ

ঢাকা ইনফো২৪
মে ৫, ২০২৬ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সবশেষ বার্ষিক হালনাগাদে সুখবর পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। পুরুষদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে এখন অষ্টম স্থানে উঠে এসেছে বাংলাদেশ, পেছনে ফেলেছে শ্রীলঙ্কাকে। মঙ্গলবার (৫ মে) প্রকাশিত আইসিসি র‌্যাঙ্কিংয়ে এই চিত্র দেখা গেছে। 

আইসিসির এই বার্ষিক হিসাবের ক্ষেত্রে ২০২৫ সালের মে মাস থেকে খেলা ম্যাচগুলোর পূর্ণ (১০০ শতাংশ) পয়েন্ট এবং আগের দুই বছরের ম্যাচগুলোর অর্ধেক (৫০ শতাংশ) পয়েন্ট গণনায় আনা হয়েছে। তবে ২০২৩ সালের মে মাসের আগের ম্যাচগুলো বিবেচনার বাইরে রাখা হয়েছে।

এই নতুন সমীকরণে শ্রীলঙ্কা হারিয়েছে ৬ রেটিং পয়েন্ট, যার ফলে তারা নেমে গেছে নবম স্থানে। তাদের ঠিক এক ধাপ নিচে, মাত্র ১ পয়েন্ট ব্যবধানে দশম স্থানে রয়েছে আফগানিস্তান।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে ভারত, যাদের সংগ্রহ ২৭৫ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের (২৬২) সঙ্গে তাদের ব্যবধান কিছুটা কমে এসেছে। তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া (২৫৮)। এছাড়া নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ যথাক্রমে চতুর্থ থেকে সপ্তম স্থানে অবস্থান করছে। শীর্ষ সাতটি দলের অবস্থানে কোনও পরিবর্তন হয়নি।

ইতিবাচক অগ্রগতি দেখা গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দলেও। রেটিং পয়েন্ট ৫ বৃদ্ধি পাওয়ায় তারা আগের চেয়ে আরও শক্ত অবস্থানে পৌঁছেছে। বর্তমানে ১০ নম্বরে থাকা বাংলাদেশ নারী দল নবম স্থানে থাকা আয়ারল্যান্ডের চেয়ে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে রয়েছে। এর আগে ১ মে প্রকাশিত মেয়েদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও এক ধাপ উন্নতি করেছিল টাইগ্রেসরা।

নারী টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১৬ দলেও কোনো রদবদল হয়নি। অস্ট্রেলিয়া ২৮৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে, ইংল্যান্ড (২৭৫) দ্বিতীয় এবং ভারত (২৬৪) তৃতীয় স্থানে আছে। এর পরের অবস্থানগুলোতে রয়েছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। সপ্তম স্থানে থাকা শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজের চেয়ে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে।

এবারের হালনাগাদে চমক দেখিয়েছে যুক্তরাষ্ট্র, যারা নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডকে ছাড়িয়ে উঠে এসেছে ১৩তম স্থানে। এছাড়া নেপাল, ওমানসহ কয়েকটি দলও উন্নতি করেছে। ইতালি, স্পেন, সাইপ্রাস ও ইসোয়াতিনির মতো দলগুলোর র‍্যাঙ্কিংয়েও উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে।

অন্যদিকে প্রয়োজনীয় সংখ্যক ম্যাচ না খেলায় কিছু দল র‍্যাঙ্কিং থেকে বাদ পড়েছে। পুরুষদের তালিকায় ফিজি, গাম্বিয়া, গ্রিস ও ইসরায়েল জায়গা হারিয়েছে। ফলে দলসংখ্যা ১০২ থেকে কমে দাঁড়িয়েছে ৯৮-এ। নারী ক্রিকেটেও কম্বোডিয়া ও পেরু র‍্যাঙ্কিং থেকে ছিটকে গেছে। বর্তমানে নারী র‍্যাঙ্কিংয়ে রয়েছে মোট ৭৮টি দল।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।