খাগড়াছড়ির দীঘিনালায় তামাকচাষিরা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
শুক্রবার (৮ মে) দুপুর ১২টার দিকে তামাক চাষিরা দীঘিনালার বোয়ালখালী বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে দীঘিনালা সরকারি কলেজের নিচে হলুদ চত্বরে গিয়ে মিলিত হয়। পরে সেখানে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন এলাকা থেকে আসা তামাক চাষিরা।
চাষিরা অভিযোগ করেন, ‘আবুল খায়ের টোব্যাকো কোম্পানি-এর সঙ্গে চুক্তি অনুযায়ী তামাক ক্রয়, লোন পরিশোধ এবং মূল্য নির্ধারণের ক্ষেত্রে নানা অনিয়ম ও বৈষম্যের শিকার হচ্ছেন তারা। এতে করে উৎপাদন খরচ তুলতে না পেরে অনেক চাষী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দাবি বাস্তবায়নে তাদের প্রতি আহ্বান জানানো হলেও তারা দাবিগুলো প্রত্যাখ্যান করছেন।’
তামাক চাষি সেলিম মিয়া বলেন, ‘আবুল খায়ের কোম্পানি আমাদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে অগ্রিম টাকা, সার কীটনাশক দিয়ে তামাক চাষ করিয়েছে। আমরা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে তামাক প্রক্রিয়াজাত করেছি। এখন আমাদের থেকে তাদের ঋণ পরিশোধ পরিমাণ সামান্য তামাক নিয়ে আর তামাক নিচ্ছেনা। তামাক নিলেও এর মূল্য ধরে অর্ধেকেরও কম। এতে আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।’
তামাক চাষি আবু কালাম বলেন, ‘আবুল খায়ের কোম্পানির সাথে আমাদের যেভাবে চুক্তি হয়েছে এখন তারা সেটা মানছেনা। আমরা ঋণ করে, সুদের উপর টাকা নিয়ে তামাক চাষ করেছি। তাদের প্রতারণায় একেকজন তামাক চাষি কমপক্ষে ৫ লাখ টাকা করে ক্ষতিগ্রস্ত হবে। আমরা এর একটা সমাধান চাই। আমরা তামাক পাতা বিক্রি এবং এর ন্যায্য মূল্য চাই।’
বিক্ষোভ মিছিল পরবর্তী মানববন্ধনে চাষীরা তাদের পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- বন্ধ থাকা বাইনকোড চালু করা, প্রতি একরে নির্ধারিত সংখ্যক বেইল গ্রহণ নিশ্চিত করা, ন্যায্য মূল্যে তামাক ক্রয়, দুই ধাপে লোন পরিশোধের সুযোগ দেওয়া এবং কমপক্ষে ৬০ শতাংশ কালো তামাক পাতা ক্রয় নিশ্চিত করা।
আবুল খায়ের ট্যোবাকোর দীঘিনালা ডিপু ম্যানেজার মো. সানাউল্লাহ বলেন, ‘আপনাকে যারা অভিযোগ করেছে তারা মিথ্যা কথা বলেছে। আমরা কাউকে লোভ দেখিয়ে তামাক চাষ করাইনি। চাষিরা লোভে পড়েই তামাক চাষ করেছে। আমরা আমাদের নিয়মমতো তামাক ক্রয় করতেছি। আপনি নিউজ করবেন,- নাকি কি করবেন করতে পারেন। আমি আমার উঊর্ধ্বতন কর্মকর্তার বাহিরে কাজ করতে পারবোনা।’
এদিকে আবুল খায়ের কোম্পানি দ্রুত তাদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের দাবি জানান। না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেন তামাক চাষিরা।
কুশল/সাএ