বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন-ভাতার প্রস্তাব অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে প্রয়োজনীয় সরকারি আদেশ (জিও) ইতোমধ্যে জারি করা হয়েছে। ফলে চলতি সপ্তাহেই তারা এপ্রিল মাসের বেতন-ভাতা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর–এর পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কোনো প্রযুক্তিগত জটিলতা না থাকলে দ্রুতই শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ছাড় করা হবে।
জানা গেছে, দেশে মোট এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর সংখ্যা ৩ লাখ ৮৭ হাজার ৪১৫ জন। এর মধ্যে স্কুল পর্যায়ে রয়েছেন ৩ লাখ ৭৩৬ জন এবং কলেজ পর্যায়ে ৮৭ হাজার ৮৯ জন শিক্ষক-কর্মচারী।
গত ২৮ এপ্রিল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়।
এর আগে গত ২২ এপ্রিল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের এমপিওর টাকা ইএফটিতে পাঠানোর জন্য প্রতিষ্ঠানপ্রধানদের বিল সাবমিটের নির্দেশ দেওয়া হয়। ২৪ এপ্রিলের মধ্যে এ বিল সাবমিট করতে বলা হয়। সে অনুযায়ী শিক্ষক-কর্মচারীরা বিল সাবমিট করে। তবে এখনো তারা এপ্রিলের বেতন-ভাতা পাননি।
কুশল/সাএ