বৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

‘স্বাস্থ্যসেবা কার্ডের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বনির্ভর করার প্রচেষ্টা চলছে’

ঢাকা ইনফো২৪
মে ১৪, ২০২৬ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

সড়ক পরিবহন, সেতু ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রহমান এমপি বলেছেন, স্বাস্থ্যসেবা কার্ড, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বনির্ভর করে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি গণতান্ত্রিক, স্থিতিশীল ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়ার লক্ষ্যে নানা জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন।

বৃহস্পতিবার (১৩ মে) ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর উদ্যোগে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে নিম্ন আয়ের মানুষের মাঝে স্বাস্থ্যসেবা কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের বয়স মাত্র তিন মাস হলেও ইতোমধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এবং অনেক উদ্যোগ বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। সরকার শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি জানান, প্রথম ধাপে প্রায় ৬ হাজার ৯৪৩ জন নিম্ন আয়ের মানুষের মাঝে স্বাস্থ্যসেবা কার্ড বিতরণ করা হবে। এ উদ্যোগকে তিনি একটি মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম হিসেবে আখ্যায়িত করেন। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি ময়মনসিংহ রেলস্টেশন এর বিভিন্ন সমস্যা ও উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, বর্ষাকালে স্টেশনে পানি জমে যাওয়া, যাত্রীদের জন্য পর্যাপ্ত বিশ্রামাগারের অভাব, নারী যাত্রীদের নামাজের ব্যবস্থা ও পাবলিক টয়লেট সংকট দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এছাড়া তিনি জানান, সারা দেশে রেলপথকে ডুয়েল গেজে রূপান্তরের কাজ চলমান রয়েছে এবং ময়মনসিংহও এ পরিকল্পনার আওতায় রয়েছে। ময়মনসিংহ-ঢাকা ও ময়মনসিংহ-সিলেট আন্তঃনগর ট্রেন চালুর দাবিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। লোকোমোটিভ ও কোচ সংকটের কারণে তাৎক্ষণিক বাস্তবায়ন সম্ভব না হলেও অগ্রাধিকার ভিত্তিতে বিষয়টি নিয়ে কাজ করার আশ্বাস দেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, ময়মনসিংহের গুরুত্বপূর্ণ রেলক্রসিংগুলোতে যানজট নিরসনে ওভারপাস ও আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে জেলার তিনটি রেলক্রসিং এ প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে বলে জানান তিনি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে তিনি স্বাস্থ্যসেবা কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এবং মোঃ জাকির হোসেন বাবলু। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সিটি কর্পোরেশনের কর্মকর্তা, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।