চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে গভীর রাতে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৫ মে) রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল সংলগ্ন পুলিশ ফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
উদ্ধার হওয়া শিক্ষার্থীর নাম খোবাইবুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের ৬০তম আবর্তনের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী।
সহপাঠী সূত্রে জানা গেছে, ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে কয়েকদিন ধরে মানসিক চাপে ছিলেন খোবাইব। এর ফলে তিনি শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়েন। শুক্রবার রাতের প্রথম প্রহরে শারীরিক অস্বস্তি অনুভব করলে তিনি চা খেতে বের হন। ফেরার পথে হঠাৎ তার রক্তচাপ বেড়ে গেলে তিনি অজ্ঞান হয়ে সড়কের পাশে ঝোপে পড়ে যান।
সহপাঠী তাসফিকুর রহমান জানান, ঘটনাস্থলের আশপাশে থাকা একই উপজেলার কয়েকজন সিনিয়র শিক্ষার্থী তাকে শনাক্ত করেন। পরে দ্রুত তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি বিবেচনায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে পাঠানো হয়। পরে সহপাঠী ও বড় ভাইয়েরা তাকে হাসপাতালে ভর্তি করান।
আজ সকাল ৯টার দিকে চিকিৎসকদের বরাতে সহপাঠীরা জানান, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা শেষে খোবাইবের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। তবে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর প্রফেসর আককাছ আহমদ বলেন, “বিষয়টি খুবই দুঃখজনক। রাতে আমি বিষয়টি জানতে পারিনি। তবে শিক্ষার্থীর খোঁজখবর নিতে দ্রুত প্রক্টরিয়াল টিম চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।”