সোমবার , ১৮ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে বনকর্মীর গুলিতে নিহত জেলের মরদেহ নিয়ে বিক্ষোভ, রেঞ্জ অফিসে হামলা

ঢাকা ইনফো২৪
মে ১৮, ২০২৬ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

সুন্দরবনে বনবিভাগের সদস্যদের গুলিতে নিহত জেলে আমিনুর রহমান গাজীর মরদেহ নিয়ে বিক্ষোভ করেছে স্থানীয়রা। এসময় বিক্ষুব্ধ জনতা বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জ অফিসে হামলা চালায়। এতে অন্তত পাঁচজন বনকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন মারাত্মক জখম হওয়ায় খুলনায় রেফার করা হয়েছে। সোমবার বিকালে সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন বনকর্মী তপন, মেজবাহ, ফারুক, এখলাছুর ও ফায়জুর।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে নিহত জেলে আমিনুরের লাশ নিয়ে শত শত মানুষ লাঠিসোঁটা নিয়ে বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জ অফিস এবং বুড়িগোয়ালিনী স্টেশন অফিসে হামলা চালায়। এসময় তারা বনবিভাগের কর্মীদের খুঁজে খুঁজে মারধর করে এবং বনবিভাগের ভবন ও আসবাবপত্র ভাঙচুর করে।

এসময় বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আহত বনকর্মীদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এদিকে, বিকাল সাড়ে ৫টা পর্যন্ত বনবিভাগের অফিসের সামনেই নিহত জেলে আমিনুরের মরদেহ রাখা ছিল। কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাজীব ও শ্যামনগর থানার ওসি খালেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, তারা মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন। ইতোমধ্যে তাদের পাঁচজন আহত হয়েছেন। তাদের অফিস ও অফিসের ভেতরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে। আমিনুরের মৃত্যুর প্রসঙ্গে তিনি বলেন, আমিনুরের মৃত্যুর বিষয়টি সাতক্ষীরা রেঞ্জে ঘটেনি। এটা ঘটেছে খুলনা রেঞ্জে।

প্রসঙ্গত, সোমবার সকালে সুন্দরবনে বনবিভাগের সদস্যদের গুলিতে আমিনুর রহমান গাজী (৪৫) নামে এক জেলে নিহত হন। সুন্দরবনের খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের পাটকোস্টা হেলাবাসী অভয়ারণ্য এলাকায় এই ঘটনা ঘটে। দুপুর দেড়টার দিকে আমিনুরের মরদেহ নিয়ে লোকালয়ে ফেরেন তার সহকর্মীরা। এর পরপরই স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।