বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির প্রয়াত সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের পরিবারকে খাদ্যসামগ্রী ও নগদ আর্থিক সহায়তা প্রদান করেছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন।
রোববার (২৪ মে) সন্ধ্যায় তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ভাটরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বেলঘড়িয়া গ্রামে মরহুম শরিফুল ইসলামের বাড়িতে গিয়ে এই সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ মো. আল-হেলাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা কৃষকদলের সভাপতি ইস্কান্দার মির্জা মিঠু, পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, ভাটরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মাহাবুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মজনু, উপজেলা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা ও পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন প্রমুখ।
উল্লেখ্য, গত বছর সড়ক দুর্ঘটনায় শরিফুল ইসলামের মর্মান্তিক মৃত্যুর পর থেকেই তাঁর পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিলো। দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত শরিফুল ইসলাম এলাকায় একজন সৎ, সাহসী ও মানবিক ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। রাজনৈতিক ও সামাজিকসহ নানা কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করেছিলেন। কিন্তু হঠাৎ সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু পরিবারটিকে অসহায় অবস্থায় ফেলে দেয়।
এরপর থেকেই যেন বিপদ পিছুই ছাড়ে না পরিবারটির। কয়েক মাস আগে তাঁদের বাড়িতে সংঘটিত হয় ডাকাতির ঘটনা। এতে পরিবারের নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট হয়ে যায়। সেই ক্ষতির ধাক্কা সামলে উঠতে না উঠতেই সম্প্রতি কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় তাঁদের বসতবাড়ি।
একজন ত্যাগী রাজনৈতিক কর্মীর পরিবারের এমন দুর্দশার বিষয়টি জানতে পেরে সহায়তার জন্য এগিয়ে আসেন সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। তিনি বলেন, আমি দলীয় নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষের সুখেদুঃখে পাশে আছি এবং আগামীদিনেও থাকবো ইনশাআল্লাহ। আর এই পরিবারকে প্রয়োজনে আরও সহায়তা দেওয়া হবে।
সালাউদ্দিন/সাএ