খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার জিয়ানগর এলাকায় শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও সাজেকগামী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৬ জন পর্যটক আহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি পরিবার প্রাইভেটকারে করে সাজেক ভ্রমণে যাচ্ছিলেন। পথিমধ্যে মাটিরাঙ্গা জিয়ানগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির শান্তি পরিবহনের বাসের সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এতে থাকা ৬ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে ২ জন শিশু ও ৪ জন প্রাপ্তবয়স্ক রয়েছেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন এবং মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মাটিরাঙ্গা থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।