মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি ইউক্রেনীয় প্রতিরক্ষা স্থাপনায় হামলার দাবি করেছে ইরান। এলাকাটি ইউক্রেনের ড্রোন বিধ্বংসী ডিপো হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।
শনিবার (২৮ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) খাতাম আল-আম্বিয়া সদর দপ্তর এক বিবৃতিতে জানায়, দুবাইয়ে অবস্থানরত একটি ইউক্রেনীয় অ্যান্টি-ড্রোন সিস্টেম ডিপোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তাদের দাবি, ওই স্থাপনাটি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে সহায়তা করছিল।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে বলা হয়, দুবাইয়ে মার্কিন কমান্ডার ও সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলার সময়, যুক্তরাষ্ট্রকে সহায়তার জন্য স্থাপিত একটি ইউক্রেনীয় অ্যান্টি-ড্রোন সিস্টেম ডিপো ধ্বংস করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, নির্দিষ্ট ওই স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে তা ধ্বংস হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।
তবে এ ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো স্বাধীন আন্তর্জাতিক সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি। ফলে হামলার প্রকৃত ঘটনা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
