চরমোনাই এলাকায় বাৎসরিক মাহফিলকে কেন্দ্র করে একটি যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডুবে যাওয়া এমভি মানিক-৪ লঞ্চটি মঙ্গলবার রাতে মুন্সিগঞ্জ থেকে চরমোনাই মাহফিলে অংশ নিতে আসা যাত্রীদের নিয়ে রওনা দেয়। ভোররাতে যাত্রী নামিয়ে লঞ্চটি ঘাটে অবস্থান করছিল।
পরে ভাটার কারণে নদীর পানি কমে গেলে লঞ্চটির পেছনের অংশ ডেবে যায় এবং দুপুরের দিকে সেটি সম্পূর্ণভাবে ডুবে যায়। তবে ঘটনাস্থলে তখন কোনো যাত্রী না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
তবে লঞ্চে থাকা মুসল্লিদের কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের ধারণা, লঞ্চটি যথাযথভাবে বেঁধে না রাখার কারণে পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ভারসাম্য হারিয়ে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিবৃতি দিয়েছেন চরমোনাই মাহফিলের মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ।
উল্লেখ্য, বুধবার দুপুরে উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে তিনদিনব্যাপী চরমোনাইয়ের বার্ষিক মাহফিল শুরু হয়েছে।
