অসহ্য গরমে শরীরকে ফ্রেশ ও সুস্থ রাখার ক্ষেত্রে কাঁচা আম সত্যিই এক প্রাকৃতিক উপহার। এটি শুধু জিভে মিষ্টি বা টক স্বাদের আনন্দ দেয় না, বরং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রেখে হিটস্ট্রোকের ঝুঁকি কমাতেও সহায়তা করে। এছাড়া শরীর থেকে বের হওয়া অতিরিক্ত সোডিয়াম ক্লোরাইড এবং আয়রনের ঘাটতি পূরণ করতে কাঁচা আমের শরবত খুবই কার্যকর।
গরমের দিনে কাঁচা আমের ঝাল-টক স্বাদ মনকে সতেজ রাখে, আর শরীরের জন্যও এটি অত্যন্ত উপকারী। শৈশবে সেই মাখা-মাখা আম খাওয়ার স্মৃতি আজও মনে পড়ে, এবং তখনকার মতোই মুখে পানি চলে আসে। আজকাল শহর-গ্রাম সর্বত্র সহজে কাঁচা আম পাওয়া যায়, যা শরীরকে সুস্থ ও সতেজ রাখার অসাধারণ গুণে ভরপুর।
কাঁচা আম খাওয়ার উপায়ও অনেক—সরাসরি, আচার হিসেবে অথবা জুসে মিশিয়ে। এতে প্রচুর ফাইবার থাকে, কোলেস্টেরল শূন্য এবং পুষ্টিগুণে পূর্ণ। তাই এই মৌসুমে কাঁচা আম খাওয়া মানে সুস্বাদু আনন্দের সঙ্গে সুস্থ থাকার নিশ্চিত উপায়। কাঁচা আম ভিটামিন এ, সি ও ই-তে সমৃদ্ধ, যা রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রক্তের সমস্যা কমায় এবং শ্বেতরক্তকণিকা বৃদ্ধিতেও সহায়তা করে।
বিশেষ করে হৃদরোগের ঝুঁকি কমিয়ে দেয়। ম্যাঙ্গিফেরিন, ম্যাগনেসিয়াম ও পটাশিয়ামের কারণে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণে থাকে।
কাঁচাআম হজমে সাহায্য করে। অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য ও বদহজমের সমস্যা দূর করে। আর ডিহাইড্রেশন ও সানস্ট্রোক প্রতিরোধ করে। কারণ কাঁচাআমের শরবত শরীরকে ঠান্ডা রাখে এবং পানিশূন্যতার উপসর্গ দূর করে থাকে। এ ছাড়া লুটেইন ও জিয়াজ্যান্থিন চোখের দৃষ্টিশক্তি বাড়িয়ে তোলে। আবার কোলাজেন সংশ্লেষণ বাড়িয়ে ত্বক সুন্দর রাখে এবং চুলের বৃদ্ধি উৎসাহিত করে। আর শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট পলিফেনল প্রদাহ কমায় এবং ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে।
কুশল/সাএ
