Dhakainfo24
ঢাকারবিবার , ২৬ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

কলম্বিয়ায় ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত অন্তত ১৪

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৬, ২০২৬ ১০:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভয়াবহ বোমা বিস্ফোরণে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। মহাসড়কে চালানো এই হামলায় আহত হয়েছেন আরো বহু মানুষ, যাদের মধ্যে রয়েছে শিশুও। একের পর এক বিস্ফোরণ ও সহিংসতার ঘটনায় অঞ্চলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি উঠেছে।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি মহাসড়কে বোমা বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আঞ্চলিক কর্তৃপক্ষ।

শনিবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় কাজিবিওর এল টুনেল এলাকায় প্যান-আমেরিকান মহাসড়কে এই বিস্ফোরণ ঘটে বলে কাউকা অঞ্চলের গভর্নর অক্টাভিও গুজমান জানান। 

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, এখন পর্যন্ত ১৪ জন নিহত এবং আরো ৩৮ জনের বেশি মানুষ আহত হয়েছে। যার মধ্যে পাঁচজন অপ্রাপ্তবয়স্ক। গুজমান এই ঘটনাকে ‘বেসামরিক জনগণের ওপর নির্বিচার হামলা’ হিসেবে নিন্দা জানান।

তিনি বলেন, ‘দুঃখ প্রকাশ করার মতো যথেষ্ট শব্দ আমাদের কাছে নেই’। এ সময় ‘সন্ত্রাসী তৎপরতা’ মোকাবেলায় সরকারের কাছ থেকে ‘দৃঢ় ও ধারাবাহিক’ পদক্ষেপের দাবিও জানান তিনি।

গভর্নরের শেয়ার করা একটি ভিডিওতে বিস্ফোরণের পরের দৃশ্য সামনে এসেছে। ওই ভিডিওতে সড়কে ছিন্নভিন্ন গাড়ি ও ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়।

গুজমান বলেন, ‘কাউকা একা এই বর্বরতার মুখোমুখি হতে পারে না’। তিনি আরো জানান, এল তাম্বো, কালোতো, পোপায়ান, গুয়াচেনে, মেরকাদেরেস ও মিরান্ডা এলাকাতেও সহিংস ঘটনা ঘটেছে।

কলম্বিয়ার সশস্ত্র বাহিনীর কমান্ডার জেনারেল হুগো লোপেজ এক সংবাদ সম্মেলনে বলেন, এটি ‘সন্ত্রাসী হামলা’। তিনি এর জন্য ‘ইভান মোরদিস্কো’ নামে পরিচিত এক ব্যক্তির নেটওয়ার্ক এবং ‘জাইমে মার্টিনেজ’ গোষ্ঠীকে দায়ী করেন।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এই হামলার নিন্দা জানিয়ে হামলাকারীদের ‘সন্ত্রাসী, ফ্যাসিস্ট এবং মাদক পাচারকারী’ বলে উল্লেখ করেন।

এদিকে ভায়ে দেল কাউকা অঞ্চলের গভর্নর ফ্রান্সিসকা তোরো কেন্দ্রীয় সরকারের কাছে ‘তাৎক্ষণিক সহায়তা’ চেয়েছেন। তিনি এক্সে দেওয়া বার্তায় বাড়তি নিরাপত্তা বাহিনী মোতায়েন, গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি এবং অপরাধ দমনে ‘দৃঢ় পদক্ষেপ’ নেয়ার আহ্বান জানান।

কর্তৃপক্ষ জানিয়েছে, কাউকা ও ভায়ে দেল কাউকা অঞ্চল অবৈধ সশস্ত্র গোষ্ঠীগুলোর গুরুত্বপূর্ণ ঘাঁটি। তারা বুয়েনাভেন্তুরা বন্দরের দিকে যাওয়া সমুদ্র ও নদীপথ নিয়ন্ত্রণে প্রতিযোগিতা করছে। এই বন্দর মধ্য আমেরিকা ও ইউরোপে মাদক পাচারের একটি গুরুত্বপূর্ণ রুট।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।