ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দরের কাস্টমস গুদামে সংরক্ষিত কয়েক কোটি টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় পণ্য ধ্বংস করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকাল থেকে বন্দরের কাস্টমস কম্পাউন্ডে বড় গর্ত করে পণ্যগুলো মাটিচাপা দিয়ে বিনষ্ট করা হয়। ধ্বংস করা পণ্যের মধ্যে ছিল আতশবাজি, জরদা, সিগারেট, কসমেটিকস, পোশাকসহ বিভিন্ন ভোগ্যপণ্য। কাস্টমস সূত্রে জানা গেছে, এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য তিন থেকে চার কোটি টাকা।
কাস্টমস কর্মকর্তারা জানান, বিভিন্ন সময়ে অবৈধভাবে আনা এবং শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে এসব পণ্য জব্দ করা হয়। দীর্ঘদিন গুদামে সংরক্ষণের পর আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে ধ্বংস কমিটির উপস্থিতিতে পণ্যগুলো বিনষ্ট করা হয়েছে।
আখাউড়া কাস্টমসের সহকারী কমিশনার মো. আতিকুর রহমান বলেন, জব্দ করা পণ্যের অধিকাংশই আমদানি নিষিদ্ধ বা ব্যবহারের অনুপযোগী ছিল। এর মধ্যে আতশবাজি, শাড়ি-লুঙ্গি ও কিছু মেয়াদোত্তীর্ণ পণ্যও রয়েছে। যথাযথ নিয়ম মেনে এসব পণ্য ধ্বংস করা হয়েছে।
তিনি আরও বলেন, অবৈধ আমদানি প্রতিরোধ ও বাজার নিয়ন্ত্রণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। চোরাচালান রোধে নজরদারি জোরদার করা হবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় ফায়ার সার্ভিস, পুলিশসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।