দুইমাস দীর্ঘ বিরতি শেষে বুকভরা আশা নিয়ে ইলিশ শিকারে গিয়ে খালি হাতে ফিরছে ভোলার জেলেরা। ভরা মৌসুমেও জেলেরা দিন-রাত মেঘনা-তেতুলিয়া নদীতে জাল বেয়ে যে ইলিশ পাচ্ছে তাতে নৌকার জ্বালানি খরচও উঠছে না।
৬ ই মে ভোলার একাধিক মৎস্য অবতরণ কেন্দ্রের একই চিত্র দেখা গেছে।
ভোলায় বর্তমানে ইলিশ না থাকায় মৎস্য বিভাগের নিবন্ধিত ১ লাখ ৬৮ হাজার জেলেসহ ৩ লাখেরও বেশি জেলে খেয়ে না খেয়ে দিন কাটানোর পাশাপাশি ধারদেনা এবং ঋণের টাকা শোধ করতে না পেরে চরম দুঃখকষ্টে দিন কাটাচ্ছে। মৎস্য বিভাগ বলছে, ইলিশের মৌসুমের পরিবর্তন হওয়ায় এখন ইলিশ পাওয়া যাচ্ছে না। তবে জুলাইয়ের মাঝামাঝি নদীতে পর্যাপ্ত ইলিশ পাওয়া যাবে বলে আশা করছে তারা।
ভোলা সদর উপজেলার শীবপুর মাছঘাটের কামাল মাঝি বলেন, প্রতি বছর নিষেধাজ্ঞার শেষে নদীতে নামলে প্রচুর পরিমাণ ইলিশ পাওয়া যেত। এই সময়টা ছিল জেলেদের জন্য উৎসবের। আর এখন দিন কাটছে অনাহারে-অর্ধাহারে।
জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন জানান, জলবায়ু পরিবর্তনের কারনে কিছুটা ইলিশ কম তবে সামনে জুন-জুলাইয়ে ভাল ইলিশ পড়বে।
এ ছাড়া জ্বালানি তেলের কারনেও জেলেরা নদীতে তুলনামূলক কম যায় বলেও জানান তিনি।
আমার বাঙলা/আরএ