রবিবার , ১৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

হাটহাজারীর ঐতিহ্যবাহী লাল মরিচ দেশসেরা, বিদেশেও রপ্তানি হচ্ছে

ঢাকা ইনফো২৪
মে ১৭, ২০২৬ ১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ভৌগোলিক নির্দেশক জিওগ্রাফিক্যাল ইন্ডিকেসন-জিআই পণ্যের স্বীকৃতির অপেক্ষায় রয়েছে চট্টগ্রামের হাটহাজারীতে উৎপাদিত ঐতিহ্যবাহী ‘মিষ্টি-ঝাল লাল মরিচ।

এ লাল মরিচ এখন দেশ সেরা। বিদেেও রপ্তানি হচ্স্বছে।স্বতন্ত্র স্বাদ , গাঢ় লাল রঙ ও মিষ্টি-ঝালের অনন্য মিশ্রণের জন্য বহু বছর ধরে এই মরিচ ভোক্তাদের কাছে আলাদা পরিচিতি পেয়ে আসছে। কিন্তু এখন পর্যন্ত এই মরিচ জাতীয়ভাবে জিআই স্বীকৃতি পায়নি।

চট্টগ্রামের হালদা নদীর তীরবর্তী দোআঁশ ও অম্ল মাটিতে জন্মানো এই মরিচ স্থানীয়ভাবে অনেকের কাছে ‘হালদা মরিচ’ নামেও পরিচিত। হাটহাজারীর মরিচ দিয়ে রান্না করা তরকারি অত্যন্ত সুস্বাদু হয় এবং দেখতেও সুন্দর হয়। খোঁজ নিয়ে জানা যায়, হাটহাজারীর লাল মিষ্টি মরিচ ব্রিটিশ আমল থেকে গৃহিণী ও রন্ধনশিল্পীদের কাছে বেশ জনপ্রিয়। স্থানীয় লোকদের সাথে কথা বলে জানা যায়, হাটজারীর মিষ্টি মরিচের আরেকটি গুণ হলো কাঁচা মরিচ দিয়ে চাটনি/সালাত স্বাদে গন্ধে অতুলনীয়। এ মরিচের রঙ শুকনো অবস্থায় আকর্ষণীয় লাল ও কাঁচা অবস্থায় হলুদাভ সবুজ হয়। আরো একটি কারণে হাটহাজারীর মিষ্টি মরিচ বিখ্যাত তা হলো; দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর অববাহিকায় চাষ হয় এই মরিচ। এটি অনেক জায়গায় ‘হালদা মরিচ’ নামেও পরিচিত। যারা ঝাল কম খান তারা এই মরিচ কেনার জন্য সারা বছর অপেক্ষায় থাকেন।
স্থানীয় কৃষকেরা জানান, হাটহাজারীর বেলে-দোআঁশ মাটি এবং এখানকার জলবায়ুতে এ মরিচের চাষাবাদ হয় বলেই ফলন বেশ ভালো ও গুণাগুণ সম্পন্ন হয়। শুধু হাটহাজারী নয় হালদা নদীর অববাহিকায় এ জাতের মরিচ পার্শ্ববর্তী রাউজান ও ফটিকছড়ি উপজেলাতেও চাষাবাদ হয়। রাউজান ও ফটিকছড়ি উপজেলাতে একই বীজের মরিচচাষ হলেও হাটহাজারীর মরিচেরই কদর বেশি। হাটহাজারীর মরিচ কেনার জন্য দূর-দূরান্ত থেকে ক্রেতারা ছুটে আসে। সরেজমিন হাটহাজারী বাজারের মরিচহাটে দেখা যায় অন্যান্য মরিচের তুলনায় হাটহাজারীর মরিচের দাম প্রায় দ্বিগুণ, তবুও গ্রাহকের নিকট এর চাহিদা বেশী। হাটহাজারী সদরের কাছারি সড়কের মাঝামাঝি এলাকায় হাটহাজারীর মরিচ বিক্রি হতো বলে এ জায়গাটি ‘মরিচহাটার গলি’ নামে খ্যাতি পায়। হাটহাজারী বাজারে প্রতি রোববার ও বৃহস্পতিবার মরিচহাটার গলিতে হাটহাজারীর মরিচ বিক্রি হয়ে থাকে। শীতমৌসুমে বিশেষ করে চট্টগ্রামের মানুষ এ মিষ্টি মরিচের চারা কেনার জন্য অপেক্ষায় থাকেন।
মৌসুমের সময় পার্শ্ববর্তী উপজেলা; ফটিকছড়ি, রাউজান, সীতাকুণ্ড, মিরসরাই, বোয়ালখালী, চন্দনাইশ, সাতকানিয়া, বাঁশখালি ও পটিয়া অঞ্চলের চাষিরা মিষ্টি মরিচের বীজ/চারা কিনতে হাটহাজারী বাজারে ভিড় জমান। সাধারণত: মরিচটি মধ্যম ঝাল ও পুষ্ট দানা বিশিষ্ট হয়। হাটহাজারী উপজেলার মন্দাকিনী, ছিপাতলী, নাঙ্গলমোড়া, মার্দাশা, মেখল, গুমান মর্দ্দন, গড়দুয়ারা, পৌরসভার মোহাম্মদপুর, আলমপুর, চন্দ্রপুর ও চারিয়ায় এ মরিচের ব্যাপক চাষাবাদ হয়ে থাকে। বর্তমানে হাটহাজারী উপজেলায় প্রায় হাজারের বেশি চাষি মরিচ চাষাবাদের সাথে সম্পৃক্ত।
কৃষকদের দাবি ও কৃষি সচেতন মহলের মতামত হলো ‘জিআই স্বীকৃতি পেলে তারা ঐতিহ্যবাহী এ মিষ্টি-ঝাল লাল মরিচের দাম আরো ভালো পাওয়া যাবে এবং রফতানির পরিমাণও বেড়ে যাবে। এতে করে কৃষকেরা মরিচ উৎপাদনে আরো উৎসাহ পাবেন।

কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানায়, ২০২৪ সালের ১২ জুন চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে ‘মিষ্টি-ঝাল লাল মরিচ’ জিআই নিবন্ধনের জন্য আবেদন পাঠানো হয়েছে। ইতোমধ্যে মরিচটির উৎপত্তিস্থল, বৈশিষ্ট্য, ঐতিহাসিক গুরুত্ব ও গবেষণাভিত্তিক নথি জমা দেয়া হয়েছে। জানা গেছে, ‘হালদা মরিচের ইতিহাস, বৈশিষ্ট্য ও পুষ্টিমান নিয়ে বিসিএসআইআর এ ল্যাবটেস্ট করানো হয়েছে। আবেদন প্রক্রিয়ায় সব ধরনের নথি জমা দেয়া হয়েছে। জিআই স্বীকৃতি পেলে বাংলাদেশে এ মরিচের মালিকানা প্রতিষ্ঠিত হবে এবং আন্তর্জাতিক বাজারে এই মরিচের পরিচিতি বাড়বে, কৃষকেরাও এতে লাভবান হবেন।’

অভিজ্ঞ কৃষক নুরুল আজিম চৌধুরী জানান, ‘আমরা দীর্ঘ দিন ধরে এই মরিচ চাষ করে আসছি। এ মরিচের চাহিদা অনেক কিন্তু সরকারি স্বীকৃতি না থাকায় দাম কম পাই। জিআই স্বীকৃতি পেলে বিদেশেও রফতানি করা সম্ভব হবে।’
ইতোমধ্যে রাজশাহীর আম ও জামদানি শাড়িসহ আরো কিছু পণ্য জিআই ট্যাগ পেয়েছে। প্রতিবেশী দেশ ভারতেও ইতোমধ্যে মিজোরাম ও মণিপুরের মরিচ, কমলা ও চালকে জিআই স্বীকৃতি দিয়েছে। তাই, চট্টগ্রাম হাটহাজারীর মিষ্টি-ঝাল লাল মরিচ জিআই তালিকাভুক্ত হওয়া এখন সময়ের দাবি।
চট্টগ্রাম বিসিএসআইআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বলেন, ‘হাটহাজারীর মিষ্টি-ঝাল লাল মরিচের গুণগত বৈশিষ্ট্য পরীক্ষার মাধ্যমে জিআই স্বীকৃতি প্রাপ্তিতে আমরা গবেষণায় সহায়তা করে আসছি।’কৃষি বিশেষজ্ঞদের মতে, হাটহাজারীর মিষ্টি মরিচ জিআই স্বীকৃতি পেলে বীজ ব্যবসা, আবাদের এলাকা ও বাজার চাহিদা বাড়বে। কৃষকের আর্থসামাজিক উন্নয়ন ঘটবে এবং দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

উল্লেখ্য, হাটহাজারীর সাবেক উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন শিকদার হাটহাজারীর মিষ্টি-ঝাল লাল মরিচকে জিআই পণ্য করার প্রাথমিক উদ্যোগ নেন। তাঁর প্রচেষ্টাতেই প্রথমবারের মতো আবেদন প্রক্রিয়া শুরু হয় বলে কৃষি অফিস সূত্র জানায়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।