“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ” স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার (১৯ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা ভূমি অফিসে গিয়ে শেষ হয়।
ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসে এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে একযোগে ভূমি মেলার উদ্বোধন করেন তারেক রহমান।
মেলায় উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ের ভূমি সেবা ব্যবস্থাপনা সম্পর্কে নাগরিকদের অবহিত করা হচ্ছে। আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত চলবে এ মেলা। মেলায় ভূমি সংক্রান্ত সেবা প্রদানের জন্য জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, সকল ইউনিয়ন ভূমি অফিস এবং ভূমি সেবা সহায়তা কেন্দ্রের পৃথক চারটি স্টল স্থাপন করা হয়েছে। এসব স্টলের মাধ্যমে নামজারি, জমা, খারিজ, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা সম্পর্কে তথ্য ও সহায়তা দেওয়া হচ্ছে। বক্তারা বলেন, একটি ন্যায়ভিত্তিক ও উন্নয়নমুখী রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। দেশের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন কৃষক ও ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত থাকে।
ভূমি ব্যবস্থাপনায় দীর্ঘদিনের জটিলতা দূর করে সেবাকে জনবান্ধব করাই বর্তমান সরকারের অগ্রাধিকার বলেও উল্লেখ করা হয়। আয়োজকরা জানান, দলিলের মাধ্যমে ভূমির মালিকানা অর্জিত হলেও নামজারি ও জমাখারিজের মাধ্যমে সেই মালিকানার সরকারি স্বীকৃতি পাওয়া যায়। এছাড়া নাগরিকরা ২৪ ঘণ্টা ভূমি সেবা পেতে ১৬১২২ হটলাইনে যোগাযোগ করতে পারবেন। সারাদেশে ৮৯৩টি ভূমি সহায়তা কেন্দ্রের মাধ্যমেও সেবা প্রদান করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়সাল রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এম এন ওয়াসিম ফিরোজ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ, জেলা বিএনপির সদস্য সচিব মো. রফিকুল ইসলাম, সদর উপজেলার ভূমি অফিসের কানুনগো মো. জাহাঙ্গীর হোসেন ও সদর উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী মোঃ শুকুরুদ্দীন সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।