বৃহস্পতিবার , ৪ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

শন টেইটের বিদায়, বাংলাদেশের পেস বোলিং কোচ তালহা জুবায়ের

ঢাকা ইনফো২৪
জুন ৪, ২০২৬ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচের দায়িত্ব ছাড়তে যাচ্ছেন সাবেক অস্ট্রেলিয়ান গতিতারকা শন টেইট। যদিও ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে তার চুক্তি রয়েছে, তবে মেয়াদ শেষ হওয়ার প্রায় এক বছর আগেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

বিসিবি সূত্রে জানা যায়, ভারতের একটি শীর্ষস্থানীয় ক্রিকেট সংস্থায় নতুন কোচিংয়ের সুযোগ পাওয়ায় টেইট বাংলাদেশের দায়িত্ব ছাড়তে আগ্রহী। এরই মধ্যে পশ্চিমবঙ্গের ক্রিকেট কাঠামোর একটি গুরুত্বপূর্ণ পদে যোগ দেওয়ার লক্ষ্যে তিনি সাক্ষাৎকারও দিয়েছেন। পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিক কারণও তার এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে জানা গেছে।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব ছাড়েন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ড। দীর্ঘ অপেক্ষার পর ২০২৫ সালের মে মাসে তার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেন শন টেইট। দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের পেস আক্রমণে গতি, আগ্রাসন ও আধুনিকতার ছাপ আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

বিশেষ করে তরুণ পেসার নাহিদ রানার বিকাশে টেইটের অবদান ছিল উল্লেখযোগ্য। তার তত্ত্বাবধানে কাজ করে নাহিদ আন্তর্জাতিক ক্রিকেটে নিজের গতিময় বোলিং ও সম্ভাবনার স্বাক্ষর রেখেছেন। এছাড়া জাতীয় দলের আরও কয়েকজন উদীয়মান ফাস্ট বোলারের উন্নয়নেও টেইটের কোচিং প্রশংসা কুড়িয়েছে।

টেইটের বিদায়ের পর আপাতত জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করবেন সাবেক বাংলাদেশি পেসার তালহা জুবায়ের। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে তিনি ভারপ্রাপ্ত বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। পরবর্তীতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও তার দায়িত্বে থাকার সম্ভাবনা রয়েছে।

বিসিবি নতুন স্থায়ী পেস বোলিং কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত তালহাই দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। জাতীয় দলের সঙ্গে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা থাকায় বোর্ড তার ওপরই আস্থা রাখছে।

এদিকে আগামী ৯ থেকে ২১ জুন পর্যন্ত বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো ৯, ১১ ও ১৪ জুন অনুষ্ঠিত হবে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৭, ১৯ ও ২১ জুন অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।