
মোড়ক উন্মোচন
অমর একুশে বইমেলা উপলক্ষে রাজধানীর বাংলা একাডেমি-র কবি শামসুর রাহমান মিলনায়তনে লেখক ও সাংবাদিক সাবরিনা বিনতে শুভ্রা রচিত ‘মহাজীবনের উপাখ্যান’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিকাল ৩টায় আয়োজিত এই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, সংসদ সদস্য ডাঃ কে এম বাবর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি-র মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন এবং দৈনিক দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক শায়রুল কবির খানসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনরা।
বইটির উপর আলোচনা করেন সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদ। প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকাশনা প্রতিষ্ঠান দশমিক প্রকাশনী-র স্বত্বাধিকারী দীপান্ত রায়হান।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ‘মহাজীবনের উপাখ্যান’ গ্রন্থটি বাংলাদেশের সমকালীন রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দলিল। এতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-র দীর্ঘ রাজনৈতিক জীবন, আপসহীন নেতৃত্ব, ত্যাগ এবং কারাবরণের নানা অজানা দিক তুলে ধরা হয়েছে। তাদের মতে, গ্রন্থটি শুধু একটি জীবনী নয়; বরং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসকে নতুনভাবে অনুধাবনের একটি গুরুত্বপূর্ণ প্রয়াস।
অনুষ্ঠানে নিজের অনুভূতি ব্যক্ত করে লেখক সাবরিনা বিনতে শুভ্রা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী রাজনৈতিক জীবন আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। সেই অনুপ্রেরণা থেকেই এই গ্রন্থ রচনার উদ্যোগ নিয়েছি।” তিনি অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও পাঠকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, দশমিক প্রকাশনী থেকে প্রকাশিত এই গ্রন্থটি চলমান অমর একুশে বইমেলা-র ৯২৯ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।