চুরি হওয়া ৫০টি মোবাইল ফোন দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে ভুক্তভোগীদের হাতে তুলে দিয়েছে কিশোরগঞ্জ জেলা পুলিশ। শনিবার (১৪ মার্চ) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে মোবাইল ফোনের মালিকদের হাতে উদ্ধার করা এসব মোবাইল ফোন হস্তান্তর করা হয়। চোরাই যাওয়া মোবাইল উদ্ধার এবং হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম।
পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন এর সভাপতিত্বে এতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ মাহমুদুল ইসলাম তালুকদার, কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম ভূঁইয়া এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, গত এক মাসে কিশোরগঞ্জ জেলা পুলিশ ৫০টি চোরাই যাওয়া মোবাইল দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে।
অনুষ্ঠানে মাজহারুল ইসলাম এমপি পুলিশের এমন কর্মদক্ষতা দেখে আশ্বস্ত হয়ে ভবিষ্যতে এরকম অভিযান চলমান রাখার জন্য তিনি জেলা পুলিশ কিশোরগঞ্জকে আহ্বান জানান।
পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন এই উদ্ধারজনিত কাজে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিলেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে এর ধারাবাহিকতা বজায় থাকবে বলে উপস্থিত সকলকে আশ্বস্ত করেন।
পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন ভালো কাজের ফলস্বরূপ বিশেষ করে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ মাহমুদুল হাসান তালুকদারকে স্বাগত জানান।
অনুষ্ঠানে উপস্থিত মোবাইল এর মালিকগণ সবাই তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। পুলিশের কর্মদক্ষতায় তারা সন্তোষ প্রকাশ করে সবাই জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।
