ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ মামলার আসামিসহ ৪ ডাকাত গ্রেফতার
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১২:৩৭ পিএম (ভিজিট : ০)

X
ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ মামলার আসামিসহ ৪ ডাকাত গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ মামলার আসামিসহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার ভোরে জেলা শহরের মেড্ডা কোকিল টেক্সটাইলের সামনে থেকে মাইক্রবাসসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- জেলা শহরের পশ্চিম পাইকপাড়া এলাকার হাজী তবদীল হোসেনের ছেলে মোঃ রাশেক মিয়া, মেড্ডা এলাকার আঃ জলিলের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম, মেড্ডা (তিতাস পাড়া) এলাকার ধন মিয়ার ছেলে রফিকুল ইসলাম ও জেলার নবীনগর উপজেলার আলিয়াবাদ গ্রামের আলু মিয়ার ছেলে মোঃ কামাল মিয়া।
রোববার রাতে গণমাধ্যম কর্মীদের কাছে জেলা পুলিশ মিডিয়া উইংস থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার ভোরে জেলা শহরের মেড্ডা কোকিল টেক্সটাইলের সামনে মাইক্রোবাস নিয়ে কিছু ডাকাত ডাকাতি প্রস্তুতির জন্য অপেক্ষা করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে মাইক্রোবাস সহ ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়। এ সময় আরও ৮/১০ জন অজ্ঞাতনামা ডাকাত পালিয়ে যায়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ সময় তাদের কাছ থেকে ২টি রামদা, ১টি পেরেক লাগানো গদা, ১টি সাইকেলের প্যাডেলযুক্ত কুড়াল, ১টি হেলমেট, ১টি নীল রঙের মাংকি টুপি, ১টি স্টিলের টর্চলাইট, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৯টি বিভিন্ন ব্র্যান্ডের বাটন মোবাইল ফোন, ১টি মোটা রশির বান্ডেল, হ্যান্ডকাফের একটি চাবি ও নগদ ৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতা রাশেকের বিরুদ্ধে ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র আইন, চুরিসহ ১৪টি মামলা, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ৩টি ডাকাতি মামলা ও রফিকুল ইসলামের বিরুদ্ধে ১টি ধর্ষন মামলা রয়েছে। তাদের কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।