বিদায়বেলায় সিলেটবাসীর উদ্দেশে ডিসি সারওয়ারের যে আবেগঘন বার্তা
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৪:৪৩ পিএম (ভিজিট : ০)

X
মো. সারওয়ার আলম
সদ্য প্রত্যাহার হওয়া জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। বিদায় বেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক সংক্ষিপ্ত বার্তায় সিলেটবাসীকে বিদায় জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার (২৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লিখেছেন, ‘বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।’
এর আগে গত রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব থেকে প্রত্যাহার করে।
মো. সারওয়ার আলম ২০২৫ সালের ১৮ আগস্ট সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান এবং একই বছরের ২১ আগস্ট দায়িত্ব গ্রহণ করেন। প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তা এর আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
সিলেটে দায়িত্ব পালনকালে বিভিন্ন প্রশাসনিক উদ্যোগের কারণে তিনি একাধিকবার আলোচনায় আসেন। বিশেষ করে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজারের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ ব্যাপকভাবে আলোচিত হয়।
এ ছাড়া হযরত শাহজালাল (রহ.) মাজারের ডেগ সিলগালা এবং নতুন দানবাক্স স্থাপনের সিদ্ধান্তকে কেন্দ্র করে তিনি ব্যাপক আলোচনা-সমালোচনার মুখেও পড়েন। এসব পদক্ষেপ নিয়ে বিভিন্ন মহলে মতভেদ দেখা দিলেও বিষয়গুলো সিলেটজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।
এদিকে, সারওয়ার আলমের বিদায়ের পর নতুন জেলা প্রশাসক যোগদান না করা পর্যন্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।