Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ঢাকা ইনফো২৪
মার্চ ১৯, ২০২৬ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কনটেন্ট ক্রিয়েটর রাকিবুল ইসলাম রাকিব হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডে খুলনার একটি ‘বি কোম্পানি’র ভাড়াটে খুনিদের ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে তারা।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম এ তথ্য জানান। তিনি বলেন, ছুরি ও গুলি করে কলেজছাত্র রাকিবুল ইসলাম রাকিবকে হত্যার ঘটনার রহস্য উদঘাটন করা হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার হওয়া পাঁচজন হলেন— শিহাব, রাফিন, জয়, সাগর ও সালাউদ্দিন ওরফে সাকা। খুলনা, পটুয়াখালী ও গোপালগঞ্জে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে এই মামলার অন্যতম প্রধান সন্দেহভাজন আল আমিনসহ অন্তত সাতজন এখনও পলাতক রয়েছেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চারজন সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেন। শিহাব, জয় ও রাফিন ধারালো অস্ত্র দিয়ে রাকিবকে কুপিয়ে জখম করেন। সাগর ঘটনাস্থলে উপস্থিত থাকলেও সরাসরি হামলায় অংশ নেননি। পুরো ঘটনার পরিকল্পনা, সমন্বয় এবং অস্ত্র সরবরাহের দায়িত্বে ছিলেন সালাউদ্দিন ওরফে সাকা। আর গুলিবর্ষণ করেন আল আমিন।

হত্যার নেপথ্যের কারণ সম্পর্কে ডিসি মাসুদ জানান, খুলনার ‘কুখ্যাত সন্ত্রাসী গ্রুপ বি কোম্পানীর’ শীর্ষ সন্ত্রাসী সালাউদ্দিন ওরফে সাগর এই হত্যার নেতৃত্ব দেয়। ঘটনার ৩-৪ দিন আগে খুলনা থেকে ভাড়াটে খুনিরা ঢাকায় এসে কয়েকটি হোটেলে অবস্থান করে হত্যার পরিকল্পনা করে।

ডিসি মাসুদ বলেন, ‘টিকটকার রাকিব হত্যার পেছনের কারণ বিবাহবহির্ভূত সম্পর্ক। রাকিব বিবাহিত ছিলেন। তবে একাধিক নারীর সঙ্গে সম্পর্ক ছিল তার। তাদেরই একজন জান্নাত ওরফে মুন, যার সঙ্গে রাকিব টিকটক ভিডিও বানাতেন। জান্নাতের স্বামী সাজিদ খুলনার একজন সন্দেহভাজন মাদক কারবারি। রাকিবের সঙ্গে তার দীর্ঘদিন ধরে শত্রুতা চলছিল এবং কয়েক সপ্তাহ ধরে তিনি রাকিবকে হুমকি দিচ্ছিলেন। আমরা যা জানতে পেরেছি, সাজিদের মনে তীব্র ক্ষোভ ছিল। ধারণা করা হচ্ছে, খুলনার একটি গ্রুপ এই হামলার পরিকল্পনা করে। তারা ভাড়াটে খুনিদের এনে রাকিবকে হত্যা করান।’

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে দুজন ইতিমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং দুজনকে রিমান্ডে নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।