পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে মঙ্গলবার থেকে বাংলাদেশ সচিবালয় আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে। সকাল ৯টায় সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দিনের শুরুতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও চ্যালেঞ্জ নিয়ে একটি বৈঠকে অংশ নেন তিনি।
বেলা ১১টায় রাজধানী ঢাকার দীর্ঘদিনের সমস্যা “যানজট” নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে বিশেষ বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। দুপুরে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ বিষয়ক কমিটির অগ্রগতি পর্যালোচনা সভায় অংশ নেবেন। বিকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা এবং পরে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
টানা ৭ দিনের ছুটি শেষে সচিবালয়সহ সব সরকারি অফিস, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানও আজ থেকে আবার খোলা হয়েছে। কর্মকর্তা-কর্মচারীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন।
