বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স আনুষ্ঠানিকভাবে ময়মনসিংহ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
আজ মঙ্গলবার (২৪ মার্চ) জেলা পরিষদ কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে তিনি বিদায়ী প্রশাসক অতিরিক্ত বিভাগীয় কমিশনার কাজী জিয়াউল বাসেত এর কাছ থেকে এই দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্যবৃন্দ, বিদায়ী প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।
নবনিযুক্ত প্রশাসক তাঁর বক্তব্যে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলেন, ময়মনসিংহ জেলা পরিষদের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্ব পাওয়া তাঁর জন্য সম্মানের পাশাপাশি একটি বড় দায়িত্ব। তিনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এটি কোনো ব্যক্তিগত প্রাপ্তি নয়; বরং জনগণের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করার একটি সুযোগ।
ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ কামরুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠিত দায়ীত্ব গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবু ওয়াহাব আকন্দ এমপি , লুৎফুল্লাহ হেল মাজেদ এমপি , ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক রোকনুজ্জামান সরকার , বিদায়ী প্রশাসক অতিরিক্ত বিভাগীয় কমিশনার কাজী জিয়াউল বাসেত, ময়মনসিংহ জজ কোর্টের পিপি এডভোকেট আনোয়রুল আজিজ টুটুল , ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম , মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক আমজাদ আলী , ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম ।
দায়িত্ব গ্রহণের পর ময়মনসিংহ জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক এমরান সালেহ প্রিন্স কে শিক্ষক , সাংবাদিক , আইনজীবীসহ বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান ।
এ উপলক্ষে জেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স নতুন দায়ীত্ব পালনে সকলের সহযোগীতা কামনা করেন ।
এর আগে সকাল ৯.৩০ মি. জেলা পরিষদ কার্যালয়ে কার্যালয়ে পৌছালে প্রধান নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ নব নিযুক্ত প্রশাসককে ফুল দিয়ে স্বাগত জানান ।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, গত ১৬ মার্চ ঢাকায় স্থানীয় সরকার বিভাগের সচিবের নিকট যোগদানের পর পবিত্র ঈদের ছুটি শেষে ২৪ মার্চ আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করলেন।
প্রিন্স বলেন, জেলা পরিষদের এই দায়িত্বকে তিনি ব্যক্তিগত ক্ষতিপূরণ হিসেবে নয়, বরং জনকল্যাণের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে দেখতে চান। জেলার অবকাঠামোগত উন্নয়ন, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে ময়মনসিংহ জেলার সার্বিক উন্নয়নে কাজ করা হবে এবং জনগণের প্রত্যাশা ও চাহিদাকে গুরুত্ব দিয়ে সমন্বিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
জেলা পরিষদের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, এটি স্থানীয় সরকার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ স্তর, যা জেলার উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বিগত ফ্যাসিস্ট আমলে জেলা পরিষদকে দুর্নীতি ও কমিশনভিত্তিক প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, সেই ধারা থেকে বেরিয়ে এসে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে জেলা পরিষদকে গড়ে তোলা হবে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণেরও ঘোষণা দেন তিনি।
নবনিযুক্ত প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং জনগণের আস্থা অর্জনের জন্য সেবার মান উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি ময়মনসিংহ জেলার ঐতিহাসিক ও ভৌগোলিক গুরুত্ব তুলে ধরে বলেন, এই জেলার উন্নয়নে পরিকল্পিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে এটিকে একটি আধুনিক ও সম্ভাবনাময় জেলায় পরিণত করা সম্ভব।
অনুষ্ঠানের শেষাংশে তিনি জেলার সর্বস্তরের জনগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনের সহযোগিতা কামনা করে একটি শক্তিশালী, উন্নয়নমুখী ও গণমুখী জেলা পরিষদ গড়ে তোলার আহ্বান জানান।
