শারীরিক নির্যাতনের অভিযোগ আনলেন স্নিগ্ধা চৌধুরী

শারীরিক নির্যাতনের অভিযোগ আনলেন স্নিগ্ধা চৌধুরী

শারীরিক নির্যাতনের অভিযোগ আনলেন স্নিগ্ধা চৌধুরী

প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৫:০২ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

বিজ্ঞাপনে অভিনয়ের জন্য চুক্তির কথা বলে ডেকে নিয়ে শারীরিক নির্যাতন করা হয়েছে- এমন অভিযোগ করেছেন মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী। আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে এমন অভিযোগ স্নিগ্ধার। তিনি জানান, ২৪ জুলাই মিটিংয়ের কথা বলে ডেকে নিয়ে তাকে গালিগালাজ ও হাত-পা বেঁধে মারধর করেন নজরুল ইসলাম ভূঁইয়া। এ বিষয়ে রোববার রাতে খিলক্ষেত থানায় অভিযোগ করেন স্নিগ্ধা।

সংবাদ সম্মেলনে স্নিগ্ধা বলেন, একটি বিজ্ঞাপনের চুক্তি করার কথা বলে তাকে আশিয়ান মেডিকেল কলেজ কার্যালয়ে ডেকে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হন তিনি। অভিযুক্ত ব্যক্তি তাকে ‘জেবা তাকিয়া’ নামের সম্পূর্ণ ভিন্ন এক নারী হিসেবে ভুল করেন এবং সেই ক্ষোভ থেকে তার ওপর চড়াও হন।

স্নিগ্ধা আরও জানান, অভিযুক্ত ব্যক্তি তাকে নানাভাবে ভয়ভীতি দেখান এবং তার হাত-পা বেঁধে শারীরিক নির্যাতন করেন। অভিনেত্রী বলেন, ‘একপর্যায়ে সবাইকে রুম থেকে বের করে দিয়ে আমার হাত-পা বাঁধেন এবং ফোন দূরে ছুড়ে দেন। তারপর আমার গলা চেপে ধরেন। লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন এবং চুল ধরে ফ্লোরে ফেলে দেন।’ তার মুখে গরম কফি ছোড়া হয় বলেও অভিযোগ করেন স্নিগ্ধা। একসময় অভিযুক্ত ব্যক্তি অন্য কক্ষে চলে গেলে কৌশলে সেখান থেকে বেরিয়ে আসেন। এরপর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেন।

এই ঘটনায় নজরুল ইসলাম ভূঁইয়ার বিচার দাবি করেছেন স্নিগ্ধা চৌধুরী। বিচার না পেলে আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি। এ বিষয়ে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সোহরাব আল হোসাইন জানিয়েছেন, অভিনেত্রীর অভিযোগটি গুরুত্বের সঙ্গে গ্রহণ করে তদন্ত শুরু করেছেন তারা। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

তবে স্নিগ্ধা চৌধুরীর এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে আশিয়ান গ্রুপ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দাবি করা হয়েছে, চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ‘সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।