৩০ হাজার টাকা চাওয়ায় প্রেমিকার গলা কেটে হত্যা, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার প্রেমিক → Dhaka info24

৩০ হাজার টাকা চাওয়ায় প্রেমিকার গলা কেটে হত্যা, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার প্রেমিক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ৩০, ২০২৬

রাজধানীর কেরানীগঞ্জে প্রেমিকের কাছ থেকে প্রেমিকার ৩০ হাজার টাকা চাওয়াকে কেন্দ্র করে গলা কেটে হত্যার ঘটনায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই মূল আসামি প্রেমিক রানা হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুও উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর উত্তরায় পিবিআই ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই ঢাকা জেলার বিশেষ পুলিশ সুপার এম এন মোর্শেদ।

তিনি জানান, দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুর এলাকা থেকে কিশোরী তানজিলা হত্যা মামলার প্রধান আসামি রানা হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পিবিআই সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই বিকেলে নিজের অটোরিকশায় করে প্রেমিকা কিশোরী তানজিলা আক্তারকে ঘুরতে নিয়ে যান রানা। একপর্যায়ে ৩০ হাজার টাকা চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। বিরোধের একপর্যায়ে রানা প্রথমে তানজিলার গলা চেপে ধরেন। পরে সঙ্গে থাকা ফল কাটার চাকু দিয়ে তার গলা কেটে নির্মমভাবে হত্যা করেন।

হত্যাকাণ্ডের পর তানজিলার কাছে থাকা দুটি স্মার্টফোন ও একটি রুপার চেইন নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান রানা। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পিবিআই। জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন তিনি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।