সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার রাতে উপজেলার ধনপুর ইউনিয়নের গামারীতলা এলাকা থেকে এসব ওষুধ উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১৮ লক্ষ টাকা। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ মাছিমপুর বিওপির একটি টহল দল সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে। শুক্রবার রাতে সীমান্ত পিলার ১২০৮/৫-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গামারীতলা নামক স্থানে চোরাকারবারীদের ধাওয়া করে বিজিবি সদস্যরা। এসময় চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে গেলে সেখান থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়।
জব্দকৃত ওষুধের তালিকায় রয়েছে, ZUVIMIDE Capsule (100mg): ১১ হাজার ৯৭০ পিস, ISONEC Tablet (20mg): ৫ হাজার পিস, KLACID (IV) Injection: ১২০ পিস। বিজিবি জানায়, জব্দকৃত এই ওষুধের সর্বমোট বাজারমূল্য ১৭ লক্ষ ৯৯ হাজার ৯০০ টাকা।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অত্যন্ত জোরালোভাবে অব্যাহত রয়েছে। সীমান্তে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না।”
তিনি আরও জানান, আটককৃত ভারতীয় ওষুধগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এই কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে।
