নেত্রকোণার খালিয়াজুরীতে হাওরের পানিতে ডুবে ওবায়দুল্লাহ (৫) ও শাহাদত (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জাহেরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওবায়দুল্লাহ জাহেরপুর গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে এবং শাহাদত একই গ্রামের মো. সেকুল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুই শিশু জাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খেলছিল। একপর্যায়ে তারা বিদ্যালয়ের পাশের হাওরের পানিতে পড়ে যায়। শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয় লোকজন হাওরের পানিতে শিশু দুটিকে ভাসতে দেখে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
খালিয়াজুরী থানার ওসি নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।