চাঁদপুরে সমাজসেবা মন্ত্রণালয়ের উদ্যোগে ৫০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ১০ হাজার টাকা করে শিক্ষা অনুদান প্রদান করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের মুনিরা ভবনের হলরুমে আয়োজিত অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, মেধাবী শিক্ষার্থীরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ হয়ে না যায়, সে বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ নজর দিয়েছেন। আজ যারা মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে সামনে এগিয়ে যাচ্ছে, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি বলেন, শুধু ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। দেশের উন্নয়ন ও সমাজের পরিবর্তনে শিক্ষিত ও মেধাবী তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তোমরা নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে—এটাই আমাদের প্রত্যাশা।
শেখ ফরিদ আহম্মেদ মানিক আরও বলেন, বর্তমান সময়ে শিক্ষার ব্যয় অনেক বেড়েছে। অনেক মেধাবী শিক্ষার্থী আর্থিক সংকটের কারণে কাঙ্ক্ষিত শিক্ষা চালিয়ে যেতে হিমশিম খায়। তাই সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সক্ষম ব্যক্তিদেরও মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে এগিয়ে আসতে হবে।
তিনি অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই সহায়তাকে তোমরা শুধু আর্থিক সহযোগিতা হিসেবে দেখবে না; এটি তোমাদের প্রতি সমাজ ও রাষ্ট্রের আস্থার প্রতীক। তোমরা ভালোভাবে পড়াশোনা করবে, মানুষের মতো মানুষ হবে এবং ভবিষ্যতে তোমাদের মতো অন্য শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে।
চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন প্রমুখ।
উল্লেখ্য, সমাজসেবা মন্ত্রণালয়ের উদ্যোগে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ৫০ জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেকের হাতে ১০ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকা শিক্ষা অনুদান তুলে দেওয়া হয়।