মর্মান্তিক এই ঘটনায় গভীর শোক ও স্তম্ভিত প্রকাশ করেছেন ফনসেকা। স্থানীয় গণমাধ্যম 'রোতা ভের্দে গোইয়াস'-এর প্রতিবেদনের বরাতে গোলডটকম জানিয়েছে, গোইয়ানিয়া মেট্রোপলিটন অঞ্চলের গুয়াপো পৌরসভার রিবেইরাও দাস পোস এলাকার মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। জরুরি সেবা বিভাগের একজন চিকিৎসক মোটরসাইকেলে থাকা নিরাপত্তারক্ষী রুজেরিওর তাৎক্ষণিক মৃত্যু নিশ্চিত করেন।
অন্যদিকে তার স্ত্রী পাউলা রেজিনাকে হৃদযন্ত্র ও শ্বাস-প্রশ্বাস বন্ধ (কার্ডিয়াক অ্যারেস্ট) অবস্থায় পাওয়া যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে বাঁচিয়ে তোলার আপ্রাণ চেষ্টা করলেও তিনিও না ফেরার দেশে চলে যান। এই দুর্ঘটনার মাত্র কয়েক ঘণ্টা আগেই স্প্যানিশ ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্সের 'মাদ্রিং' সার্কিটের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফনসেকা।
পরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিরাপত্তারক্ষী ও তার স্ত্রীর মৃত্যুর খবর জানিয়ে তিনি লেখেন, নিহতদের পরিবারের সবাইকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানোর হয়নি। তাই তিনি খবরটি প্রকাশ করতে কিছুটা দেরি করেছেন। ইনস্টাগ্রামে আবেগঘন এক বার্তায় ভিনিসিয়ুসের সঙ্গী লেখেন, ‘আমাদের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী কামিলো ও তার স্ত্রীর অকালমৃত্যুর খবর পেলাম।
এতক্ষণ কিছু পোস্ট করিনি কারণ আমরা চেয়েছিলাম খবরটি যেন আগে পরিবারের সব সদস্য জানতে পারেন। কিন্তু খবরটি পাওয়ার পর থেকে আমি আর কোনো কাজই করতে পারছি না, আমার হৃদয় একেবারে টুকরো টুকরো হয়ে গেছে। নিরাপত্তারক্ষীকে শ্রদ্ধা জানিয়ে ফনসেকা আরও লেখেন, ‘আমাদের পরিবারের প্রতি আপনার যে যত্ন, সুরক্ষা, প্রজ্ঞা ও ভালোবাসা ছিল, তার জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ থাকব। আপনার উপস্থিতি ছিল আমাদের কাছে এক নিরাপদ আশ্রয়, আর আপনার স্মৃতি আমাদের হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবে।’