ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলের পাশে অবৈধভাবে পার্কিং করে রাখা অ্যাম্বুলেন্সের চার ড্রাইভারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের পাশের রাস্তায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন সদর ইউএনও মাহমুদা জাহান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সদর ইউএনও মাহমুদা জাহান জানান, ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের পাশের রাস্তায় অ্যাম্বুলেন্স রেখে যানজট সৃষ্টি, স্কুলের ছাত্র ও জনসাধারণের চলাচলে বিঘ্ন করছে। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে অভিযান পরিচালনা করে ৪ জন অ্যাম্বুলেন্স ড্রাইভারকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে স্হানীয় সরকার (পৌরসভা) আইন-২০০৯ অনুযায়ী চার জন অ্যাম্বুলেন্স ড্রাইভারকে ২'হাজার টাকা করে ৮'হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এখানে কোনো পার্কিং না করার ব্যাপারে কঠোর নির্দেশনা দেয়া হয়। জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় সদর মডেল থানা পুলিশ উপস্থিত ছিল।