নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি ব্যবসায়ী আবুল হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে সোয়া ৬ ভরি স্বর্ণ, ধারালো অস্ত্র, একটি পিকআপভ্যানসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভুলতা পুলিশ ফাঁড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া কাজীবাড়ি এলাকায় আবুল হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ৮ থেকে ১০ জনের একটি মুখোশধারী দল বাড়ির ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে এবং বেঁধে রেখে আলমারি ভেঙে ১৭ ভরি স্বর্ণালংকার, নগদ ৩ লাখ টাকা ও বিভিন্ন মালামাল নিয়ে যায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নরসিংদীর মাধবদী এলাকার তামজিদ মিয়া, শাহিন মিয়া, শামিম মিয়া ও হৃদয় দাস এবং কুমিল্লার হোমনা এলাকার শরিফ মিয়া।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ডাকাতেরা ধারালো অস্ত্র নিয়ে আবুল হোসেনের বাড়িতে ঢুকে তার ছেলে আলামিন মিয়া, আল জাবের হোসেনসহ পরিবারের সদস্যদের বেঁধে ফেলেন। পরে অস্ত্রের ভয় দেখিয়ে আলমারি ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও বিভিন্ন মালামাল লুট করে পালিয়ে যান।
তিনি বলেন, পরিবারের সদস্যদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান ও তল্লাশি শুরু করে।
পুলিশ জানায়, সকালে ভুলতা পুলিশ ফাঁড়ি এলাকায় কয়েকজনকে ডাকাত সন্দেহে স্থানীয় লোকজন গণপিটুনি দিচ্ছেন বলে খবর পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তাদের কাছ থেকে সোয়া ৬ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। এছাড়া একটি পিকআপভ্যান, ধারালো অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
ওসি এএইচএম সালাউদ্দিন আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডাকাতির সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার এবং লুট হওয়া বাকি মালামাল উদ্ধারে অভিযান চলছে।