জয়পুরহাটের আক্কেলপুরে খালের পানিতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার এক দিন পর বেলি বিবি (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার আবাদপুর নন্দাহার খালের স্লুইসগেট এলাকা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। নিহত বেলি বিবি আবাদপুর পূর্বপাড়া গ্রামের বাচ্চু সরদারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে গ্রামের পাশের নন্দাহার খালের স্লুইসগেট এলাকায় গোসল করতে যান বেলি বিবি। দীর্ঘ সময়েও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে ঘটনাস্থলের পাশে তার জুতা, গোসলের কাপড় ও সাবান পড়ে থাকতে দেখেন তারা।
শুক্রবার ভোরে বিপ্লব নামে স্থানীয় এক যুবক খালে মাছ ধরতে গিয়ে পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে তিনি বিষয়টি গ্রামবাসীকে জানালে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহতের ভাগিনা হেলাল খান জানান, বেলি বিবি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। গোসলের সময় হঠাৎ অসুস্থ হয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা পরিবারের।
নিহতের স্বামী বাচ্চু সরদার বলেন, তার স্ত্রী ছেলের বাড়িতে থাকতেন। ঘটনার দিন তিনি বাড়িতে ছিলেন না। স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন। খালের পাড়ে বেলি বিবির ব্যবহৃত কাপড়, সাবান ও জুতা পড়ে ছিল বলেও জানান তিনি।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।