আধুনিক কৃষির যুগে জমি চাষাবাদে ট্রাক্টর, পাওয়ার টিলারসহ নানা যন্ত্রের ব্যবহার বেড়েছে। ফলে গরুর হাল কিংবা ঘোড়া দিয়ে জমি চাষের দৃশ্য আজ অনেকটাই বিলুপ্তির পথে।
তবে এ অবস্থায়ও ব্যতিক্রমীভাবে ঘোড়া দিয়ে জমি চাষ ও মই দিয়ে জীবিকা নির্বাহ করছেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের বড়ইচড়া গ্রামের দরিদ্র কৃষক শফিকুল ইসলাম।
সম্প্রতি উপজেলার তালম ইউনিয়নের গোন্তা গ্রামের পাশের একটি কৃষিজমিতে গিয়ে দেখা যায় একটি ঘোড়া দিয়ে জমি চাষ ও মই দেওয়ার কাজে ব্যস্ত শফিকুল ইসলাম। কৃষক শফিকুল ইসলাম বলেন, ‘জীবিকার তাগিদে প্রায় পাঁচ বছর আগে ঘোড়া কিনেছিলাম। এর পর থেকেই ঘোড়াটিকে দিয়ে বিভিন্ন কৃষকের জমি চাষ ও মই দেওয়ার কাজ করছি।
প্রতি বিঘা জমিতে ঘোড়া দিয়ে মই দিতে ২৫০ টাকা করে নিই। দিনে প্রায় পাঁচ বিঘা জমিতে মই দেওয়া যায়। এতে প্রতিদিন প্রায় এক হাজার ২৫০ টাকা আয় হয়।’
তিনি আরো জানান, আমন ও বোরো—দুই মৌসুম মিলিয়ে ঘোড়া দিয়ে প্রায় ৬০ হাজার টাকা আয় হয়েছিলো।
তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা বলেন, ঘোড়া দিয়ে জমি চাষের ঘটনা এখন সচরাচর দেখা যায় না। শফিকুল ইসলাম বাড়তি আয়ের জন্য ঘোড়া দিয়ে জমি চাষ ও মই দিচ্ছেন।